ওয়াসা-ড্রিংকওয়েল অংশীদারিত্বে বাড়ছে পানির এটিএম বুথ
পানি সংকটাপন্ন এলাকায় বসছে আরও ৯৪ পানির এটিএম বুথ
চট্টগ্রাম নগরীর পানি সংকটাপন্ন ও নিম্ন আয়ের মানুষের জন্য নিরাপদ খাবার পানি সংগ্রহের সুযোগ বাড়াতে নতুন করে ৯৪টি পানির এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা ও ড্রিংকওয়েলের মধ্যে পাঁচ বছরের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বর্তমানে নগরীর বিভিন্ন এলাকায় ড্রিংকওয়েলের ছয়টি পানির এটিএম বুথ চালু রয়েছে।
গতকাল রোববার চট্টগ্রাম ওয়াসার বোর্ড কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। চট্টগ্রাম ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম এবং ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী এতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, নগরীর যেসব এলাকায় নিরাপদ খাবার পানির সংকট রয়েছে এবং নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে সুপেয় পানি পাওয়া কঠিন, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে এটিএম বুথ স্থাপন করা হবে। এতে এসব এলাকার বাসিন্দাদের তুলনামূলক কম দূরত্বে সহজ ব্যবস্থায় নিরাপদ পানি সংগ্রহের সুযোগ তৈরি হবে।
সমঝোতার আওতায় ড্রিংকওয়েল চট্টগ্রাম ওয়াসার পাম্প ও সরবরাহ লাইনের পানির গুণগত মান মূল্যায়ন করবে। পরীক্ষায় পানির মান অনুযায়ী অতিরিক্ত শোধন প্রয়োজন হলে সে ব্যবস্থা নেওয়া হবে। এটিএম বুথ স্থাপনের জন্য প্রয়োজনীয় জমির ব্যবস্থা করবে চট্টগ্রাম ওয়াসা এবং বুথের মূলধনী যন্ত্রপাতি ও সরঞ্জামের অর্থায়ন করবে ড্রিংকওয়েল।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, এটি শুধু একটি সমঝোতা স্মারক নয়; নগরীর পানি সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের সূচনা।
ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী বলেন, এ সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং এর সুফল চট্টগ্রামের সাধারণ মানুষ সরাসরি পাবেন বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তার। এ সময় চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) শারমিন আলম, উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) বিষ্ণু কুমার সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড্রিংকওয়েলের হেড অব সার্ভিস ইঞ্জিনিয়ারিং আবদুস সাত্তার, প্রকল্প সমন্বয়কারী মো. মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।