চকবাজারে ৩,৯২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সেলিম (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে চকবাজার থানাধীন নবাব সিরাজদ্দৌলা রোডের প্যারেড ময়দানের উত্তর-পূর্ব কোণে মেসার্স জোনাইদা মেটাল ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি সিএনজি অটোরিকশায় করে ইয়াবা নিয়ে আন্দরকিল্লা থেকে নবাব সিরাজদ্দৌলা রোড হয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছে। এর ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে সেলিমের চালানো সিএনজি অটোরিকশাটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় যাত্রী সিটের পেছনে বিশেষ কৌশলে রাখা একটি লাল রঙের শপিং ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

আটক মো. সেলিম চাঁদপুর জেলার কচুয়া থানার দুর্গাপুর এলাকার মো. হাসেমের ছেলে।

র‌্যাব-৭ জানায়, আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।