রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা অপহরণপূর্বক ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনের মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মামলার প্রধান আসামি মাসুদ রানা হাটহাজারী থানা এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে র‌্যাব-৭-এর একটি দল হাটহাজারীর সুবেদার পুকুর পাড় এলাকার আনোয়ারা ম্যানশনের তৃতীয় তলায় অভিযান চালায়। সেখানে তার চাচার ভাড়া বাসা থেকে মাসুদ রানাকে আটক করা হয়।

গ্রেপ্তার মাসুদ রানা রাউজান উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, রাঙ্গুনিয়া মডেল থানায় গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখে দায়ের করা মামলায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৫ ও ২৭ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭, ৯(১) ও ৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাসুদ রানাকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।