ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হতে পারে। সেই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন তিনি।
ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান নভেম্বরের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে।
এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে। কারণ তারা আর টিকে থাকতে পারছে না। তারা মরিয়া হয়ে নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে।’
এর আগে ট্রাম্প যুদ্ধ শেষ করার বিষয়ে একাধিক সময়সীমা নির্ধারণ করেছিলেন।
তবে পরে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ শীর্ষ হোয়াইট হাউস কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ট্রাম্পকে সতর্ক করেছেন যে এই সংঘাত তার পুরো প্রেসিডেন্ট মেয়াদজুড়েও চলতে পারে।
ট্রাম্পের বর্তমান মেয়াদ ২০২৯ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা।
প্রসঙ্গত, যুদ্ধ শুরুর ছয় মাস পর বুধবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজে জাহাজ চলাচলকে কেন্দ্র করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। যার প্রভাবে হরমুজ প্রণালী ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথে সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে।