জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের চালানো রাতভর হামলায় একাধিক মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সিবিএস জানায়, জর্ডানে অবস্থিত মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলার সময় ‘ওয়ারথগ’ নামে পরিচিত একটি এ-১০ থান্ডারবোল্টের একটি ডানা খুলে যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোকে আবারও সার্ভিসে ফিরিয়ে দেয়া হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী এই প্রতিবেদনটি নিশ্চিত করেনি। প্রতিবেদনটি এমন সময়ে প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর সবচেয়ে তীব্র হামলা হয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান হরমুজ প্রণালির কাছে ১০টি জাহাজে হামলা চালানোর প্রতিশোধ হিসেবে তারা পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা করেছে। এতে অন্তত একজন নাবিক নিহত এবং আরেকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন (মিডটার্ম) শেষ হওয়ার পর পর্যন্ত চলবে। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচন শেষ হওয়ার পর তেহরান ‘অবিলম্বে’ শান্তির জন্য আবেদন করবে।
ট্রাম্প ইরানকে মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগ করেছেন। তিনি বলেন, তেহরান এমন একটি ‘চমৎকার, দুর্বল জনগোষ্ঠী’ নিশ্চিত করতে চায়, যারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য একা ছেড়ে দেবে।
তিনি ইরানকে আরও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাতে পারে। তিনি বলেন, আমরা পিকঅ্যাক্সে কিছুটা তৎপরতা লক্ষ্য করছি। আমি ইরানকে পরামর্শ দেব, তারা যেন চালাকি করার চেষ্টা না করে, কারণ আমাদের তাদের ওপর খুব কঠোর আঘাত হানতে হবে।