মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত মারাত্মক আকার ধারণ করায় বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। পাল্টাপাল্টি হামলার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি বিক্রি হচ্ছে প্রায় ৯৯ ডলারের ওপরে। অন্যদিকে অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৪ ডলারে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৯ দশমিক ৪৯ ডলারে। প্রায় একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্যাটাগরির অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৪ দশমিক ৬৩ ডলারে গিয়ে ঠেকেছে।
সম্প্রতি ইরানি হামলার চেষ্টার জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করার পর মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘ সাত মাসে গড়ানো এই সামরিক উত্তেজনার ফলে আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী ট্যাঙ্কার ও জাহাজগুলোর ওপর হামলা ক্রমশ বাড়ছে।
বিশ্বখ্যাত অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের আশঙ্কা, এই সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি থমকে যায়, তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম খুব শীঘ্রই ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
রয়টার্স তাদের এক বিশ্লেষণে উল্লেখ করেছে, কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে এখনও একটি নির্দিষ্ট পরিমাণ তেল পরিবহন সচল রাখা সম্ভব হয়েছে এবং বিকল্প রপ্তানি রুট ব্যবহারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে বিশ্ববাজারে দাম এখনও ১০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমা পেরোয়নি।