চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা ৩ বছর ৪ মাস বয়সী শিশুকে ধর্ষণের মামলার এজাহারনামীয় প্রধান ও পলাতক আসামি মো. আবিরকে (১৯) ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-৪, ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার প্রধান আসামি মো. আবির ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর থানা এলাকায় অবস্থান করছে।
এর ভিত্তিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৮ মিনিটের দিকে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-৪ ঢাকার একটি যৌথ আভিযানিক দল মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. আবিরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবিরের বয়স ১৯ বছর। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর মিঠাখালী এলাকার মো. নিজাম হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় গত ২৪ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(ক)(১) ধারায় মামলা (নং-৪২) দায়ের করা হয়।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডিএমপির মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।