চট্টগ্রামে আড়াই হাজারের বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার
তিন বছরে ছয়টি সফল বোন ম্যারো ট্রান্সপ্লান্ট
চট্টগ্রামে গত তিন বছরে ২ হাজার ৫০০-এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। একই সময়ে হাসপাতালটির কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারে ছয়টি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ আয়োজিত এক প্রেস মিটে এসব তথ্য জানানো হয়।
২০২৩ সালের জুনে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ তৈরি করাই ছিল এ সেন্টার চালুর অন্যতম উদ্দেশ্য। বর্তমানে এখানে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, হেমাটোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ও প্যালিয়েটিভ কেয়ারের সমন্বিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
প্রেস মিটে জানানো হয়, ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগীর ক্যান্সারের ধরন, অবস্থান ও চিকিৎসার প্রয়োজন অনুযায়ী রেডিওথেরাপির পরিকল্পনা করা হয়। এভারকেয়ারের চট্টগ্রাম সেন্টারে প্রয়োজন অনুযায়ী আইএমআরটি (IMRT), ভিএমএটি (VMAT), হাইপোফ্র্যাকশনেটেড রেডিওথেরাপি, স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি (SBRT) এবং স্টেরিওট্যাকটিক রেডিওসার্জারি (SRT) প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগে চট্টগ্রাম ও আশপাশের জেলার অনেক ক্যান্সার রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ দেশের বাইরে যেতে হতো। কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারের মাধ্যমে এ অঞ্চলে বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বয়ে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, “আধুনিক প্রযুক্তির পাশাপাশি ক্যান্সার চিকিৎসায় দক্ষ ও সমন্বিত মেডিকেল টিম গুরুত্বপূর্ণ। রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
ভিজিটিং সিনিয়র কনসালট্যান্ট, মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি, প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মাদ ইউসুফ বলেন, “চট্টগ্রামেই উন্নত ক্যান্সার চিকিৎসার সুযোগ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। ২ হাজার ৫০০-এর বেশি রোগীকে রেডিওথেরাপি দিতে পারা সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ অর্জন।”
ডা. তানভীর আহমেদ, কনসালট্যান্ট ও রেডিওথেরাপি সার্ভিস কো-অর্ডিনেটর বলেন, “ক্যান্সারের চিকিৎসায় রোগীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বিত চিকিৎসা গুরুত্বপূর্ণ। আমাদের সেন্টারে সেই সমন্বিত সেবাই নিশ্চিত করা হচ্ছে।”
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, “ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বয় অত্যন্ত জরুরি। এভারকেয়ার চট্টগ্রামে রোগীদের জন্য সেই সমন্বিত চিকিৎসার সুযোগ তৈরি করেছে।”
প্রেস মিটে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ভিজিটিং কনসালট্যান্ট, মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি ডা. ভাস্কর চক্রবর্তী, কনসালট্যান্ট ডা. হাসনিনা আক্তার, এটেন্ডিং কনসালট্যান্ট ডা. নয়ন ভৌমিক এবং কনসালট্যান্ট, হেমাটোলজি অ্যান্ড বিএমটি সেন্টার ডা. মেজবা উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি, বিশেষজ্ঞ চিকিৎসক ও সমন্বিত চিকিৎসাসেবার মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের ক্যান্সার রোগীদের জন্য সেবার পরিধি আরও বিস্তৃত করার উদ্যোগ অব্যাহত থাকবে।