বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব ড. মো. রফিকুল ইসলাম।
রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. মো. রফিকুল ইসলাম (পরিচিতি নম্বর-২০৩৩৬) বর্তমানে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অতিরিক্ত সচিব হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ছিলেন।
নতুন প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক প্রেষণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। তার ন্যস্তকৃত বিভাগ হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে উল্লেখ করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-আলম প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।