টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ওষুধও জব্দ
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ওষুধসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি জানান, রোববার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। এ সময় দুই মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, তারা মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই বাড়িতে অবস্থান করছিলেন। বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবাসহ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ এবং পরে বাংলাদেশ থেকে মিয়ানমারে বিভিন্ন ধরনের ওষুধ পাচারের পরিকল্পনাও ছিল তাদের।
পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ির মালিক ও বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা ও ওষুধ এবং আটক তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।