মাঝপদ্মায় বিকল ফেরি, যাত্রীসহ স্রোতে ভাসিয়ে নিলো অন্য দিকে

মানিকঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান তীব্র স্রোতে ভেসে প্রায় দেড় কিলোমিটার দূরে চলে গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে মাঝপদ্মায় ফেরির ইঞ্জিন বিকল হয়ে এমন ঘটনা ঘ‌টে ব‌লে জানিয়েছেন বিআড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট শাখার এজিএম মো. সালাহউদ্দিন।
তি‌নি জানান, সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ফেরিটি দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। মাঝনদীতে পৌঁছালে তীব্র স্রোতের কারণে ফেরিটির ইঞ্জিনে ত্রু‌টি দেখা দেয়। পরে আর সামনে এগোতে পারেনি ফেরিটি। একপর্যায়ে স্রোতের টানে ফেরিটি ভেসে প্রায় দেড় কিলোমিটার দূরে চলে যায়। এতে ফেরিতে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
সালাহউদ্দিন আরও জানান, খবর পে‌য়ে আইডি ইঞ্জিনের সহায়তায় ফেরিটিকে উদ্ধার ক‌রে পাটুরিয়া ঘাটে ফিরিয়ে নেয়া হয়।
দুপুর ২টায় বিআইডব্লিউটিসির পাটু‌রিয়া ঘা‌টের মেরিন বিভাগের কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, যা‌ত্রিক ত্রুটির কার‌ণে ফে‌রি‌টি স্রো‌তে ক‌য়েক কি‌লো‌মিটার দূ‌রে স‌রে যায়। আইডি ইঞ্জিনের সহায়তায় ফেরিটিকে উদ্ধার ক‌রে পাটুরিয়া ঘাটে ফিরিয়ে আনা হয় দুপুর ২টায়।
আব্দুল্লাহ আল মামুন আরও জানান, ফে‌রি‌টি ঘা‌টে ভেড়ার পর খানজাহান আলী ফে‌রি‌তে যা‌ত্রী ও যানবাহন উঠিয়ে দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে পাঠা‌নোর প্রস্তু‌তি চল‌ছে।