ছয় বছর পর মঞ্চে ফিরে কাঁদলেন সেলিন ডিওন

ছয় বছরের অপেক্ষার অবসান। প্যারিসের মঞ্চে ফিরেই আবেগে কেঁদে ফেললেন সেলিন ডিওন। তবে থামেননি, গেয়েছেন, নেচেছেন, আর দর্শকদেরও গানে সামিল করেছেন।
২০২২ সালে ‘স্টিফ পারসন সিনড্রোম’ নামের বিরল স্নায়ুরোগে আক্রান্ত হওয়ার কথা জানান সেলিন। পেশির খিঁচুনি ও শরীর শক্ত হয়ে যাওয়ার সমস্যায় গান গাওয়াই কঠিন হয়ে পড়েছিল তার জন্য। এরপর দীর্ঘ চিকিৎসা ও থেরাপি। অবশেষে ছয় বছর পর পূর্ণাঙ্গ লাইভ কনসার্টে ফেরা।
প্যারিসের প্লেনিটিউড অ্যারেনায় প্রথম গানেই আবেগে থেমে যান সেলিন। একপর্যায়ে মাইক্রোফোন বাড়িয়ে দেন দর্শকদের দিকে। আর হাজারও কণ্ঠ তখন হয়ে ওঠে তার গানের সঙ্গী।
নিজের অসুস্থতার কথা কখনই লুকাননি সেলিন। বরং সেই লড়াইকেই করেছেন অনুপ্রেরণার গল্প। ‘অল বাই মাইসেলফ’, ‘দ্য পাওয়ার অব লাভ’ আর ‘মাই হার্ট উইল গো অন’—একেকটি গানে আরও বাড়ে দর্শকদের উচ্ছ্বাস।
কয়েকজন দর্শক বলেন, পুরো কনসার্টটা ভীষণ আবেগের ছিল। সে তার সবটুকু দিয়েছে, আর আমরা সবাই তার পাশে ছিলাম। সে যে কষ্টের মধ্য দিয়ে গেছে, তা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছে। আর আমাদেরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে।
এই প্রত্যাবর্তন তাই প্রতিকূলতার কাছে হার না মানার এক বাস্তব উদাহরণ। সেলিন ডিওনের এই ফিরে আসাকে এরই মধ্যে ক্যারিয়ারের অন্যতম আবেগঘন অধ্যায় হিসেবে দেখছেন সংগীতপ্রেমীরা।