মায়ের অসুস্থতা নিয়ে ভুয়া খবর ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার মেয়ে তানি লায়লা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানান তিনি। এছাড়া এ ধরনের ভুয়া কনটেন্টের বিরুদ্ধে আইনি ও সামাজিক প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তানি লায়লা।
নিজের পোস্টে তিনি লিখেছেন, সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েছি!
সোশাল মিডিয়ায় ছড়ানো এসব অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তানি লায়লা লেখেন, আমার মা তার জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন, অথচ মানুষ এখনও তাকে এভাবেই অসম্মান করে চলেছে, কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য! আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই এসবই এআই-এর মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কন্টেন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করব, একটা একটা করে, যতক্ষণ না এই সব মাথামোটা লোক তাদের এই বাজে কাজ বন্ধ করে।
একই সঙ্গে যে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন তিনি।
রুনা লায়লার ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে তানি লায়লা লেখেন, আর সহ্য করা যাচ্ছে না, যারা রুনা লায়লাকে অনুসরণ করেন, দয়া করে এ ধরনের অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন।