গত ঈদের পর্দায় রাজ ও সাবিলার জুটি নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছিল, এবার সেই জুটিই ফিরছে আরও রহস্যময় গল্প নিয়ে। তবে এবার প্রেমের গল্প নয়—সময়, রহস্য আর মনস্তাত্ত্বিক টানাপড়েনের গল্পে একফ্রেমে দেখা যাবে শরিফুল রাজ ও সাবিলা নূরকে।
আসছে নতুন এই পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সিনেমার নাম ‘কানাভুলা প্যারাডক্স’। ছবিটি ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির খবর জানিয়ে শরিফুল রাজ লিখেছেন, ‘ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক।’ তার এই বার্তার পর নতুন সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও বেড়েছে।
‘কানাভুলা প্যারাডক্স’ নির্মিত হচ্ছে বুড়িগঙ্গা টকিজের ব্যানারে। ছবিটি প্রযোজনা করছেন নির্মাতা ও প্রযোজক তানিম নূর। তার প্রযোজনা প্রতিষ্ঠানের এটি তৃতীয় চলচ্চিত্র।
নতুন এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের। গল্পের আবহে থাকছে সময়ের জটিল সমীকরণ, রহস্য এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েন। ফলে প্রচলিত রোমান্টিক গল্পের বাইরে গিয়ে দর্শকদের ভিন্ন স্বাদের অভিজ্ঞতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।
সিনেমাটিতে রাজ ও সাবিলাকে দেখা যাবে একেবারেই ভিন্ন লুকে। গল্পের প্রয়োজনেই তাঁদের চরিত্র ও উপস্থিতিতে থাকবে পরিবর্তনের ছাপ।
এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেঁধেছিলেন রাজ ও সাবিলা। সেই জুটির পর্দার রসায়ন দর্শকদের মনে জায়গা করে নেয়ার পর এবার আরও ভিন্ন গল্পে ফিরছেন তারা। নতুন ছবিতে রহস্যের জালে তাদের সম্পর্ক ও চরিত্র কীভাবে এগোয়, সেটিই এখন বড় কৌতূহল।