নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, ২ লাখ টাকা মুক্তিপণ দাবি
চট্টগ্রাম থেকে দম্পতি আটক, শিশুটিকে উদ্ধার করল র্যাব
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাসের শিশু অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় দুইজনকে আটক করেছে র্যাব। একই সঙ্গে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন—মো. আলম প্রকাশ নুরুল আলম (৩০) ও তার স্ত্রী ত্রিশা প্রকাশ মারিয়া প্রকাশ সানজিনা আক্তার তিশা (২৫)।
র্যাব জানায়, গত ২১ আগস্ট শিশুটির বাবা-মা তাকে নিয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় ফুপার বাড়িতে বেড়াতে যান। সেখানে আলম ও তিশার সঙ্গে তাদের পরিচয় হয়।
পরদিন ২২ আগস্ট বিকেলে তিশা মোবাইল চার্জ দেওয়ার কথা বলে চার মাস পাঁচ দিনের শিশু মারুফা জান্নাত মাহিকে কোলে নিয়ে পাশের ঘরে যান। কিছুক্ষণ পর শিশুটিকে সেখানে পাওয়া যায়নি। পরে আলম ও তিশাকেও খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও এক থেকে দুইজনকে আসামি করে মামলা করেন। মামলাটি ২৬ আগস্ট দায়ের করা হয়।
মামলার পর অপহরণকারীরা শিশুটির মায়ের মোবাইলে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার এজাহারভুক্ত পলাতক আসামিরা চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় অবস্থান করছেন।
এর ভিত্তিতে ৩১ আগস্ট রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১৫ কক্সবাজারের যৌথ দল বন্দর থানাধীন কমিশনার গলির কাঁচাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আলম ও তিশাকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে অপহৃত শিশু মারুফা জান্নাত মাহিকে উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।