উদ্ভাবনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিকে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য করা সম্ভব: এরশাদ উল্লাহ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথম দিনে ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, উদ্ভাবনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিকে আরও সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও কার্যকর করা সম্ভব। একই সঙ্গে জ্বালানি সাশ্রয়, উৎপাদন ব্যয় কমানো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও দক্ষ করার ক্ষেত্রেও নতুন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব উদ্ভাবনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) যুগান্তকারী ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে বিশ্ববিদ্যালয়ের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত ‘Energy Security, Sustainability and Innovation: The Role of Universities in Shaping Asia’s Future’ শীর্ষক লেকচারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ উল্লাহ বলেন, একটি দেশের জন্য জ্বালানি নিরাপত্তা হলো নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। এর মধ্যে বিদ্যুৎ, গ্যাস, তেল ও নবায়নযোগ্য জ্বালানি রয়েছে। অন্যদিকে জ্বালানি টেকসইতা হলো এমনভাবে জ্বালানি উৎপাদন ও ব্যবহার করা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের সক্ষমতা ক্ষতিগ্রস্ত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করা যায়।
তিনি বলেন, সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, বায়োমাস, বৈদ্যুতিক যানবাহন, গ্রিন হাইড্রোজেন এবং কার্বন ক্যাপচার ও স্টোরেজের মতো প্রযুক্তির সঙ্গে জ্বালানি নিরাপত্তা ও টেকসইতার বিষয়গুলো নিবিড়ভাবে যুক্ত। এসব ক্ষেত্রে উদ্ভাবনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের মেধাবীদের কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমাদের দেশের মেধাবী প্রকৌশলী, চিকিৎসক, গবেষক ও অন্যান্য পেশাজীবীদের দেশ গঠনের কাজে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করতে হবে। দেশের অনেক মেধাবী প্রকৌশলী ইউরোপ, আমেরিকা ও বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন। তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দেশের কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যেতে পারবে।
লেকচারে সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মানজারে খোরশেদ আলম।
লেকচারের রিসোর্স পার্সন ছিলেন ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (UTP), মালয়েশিয়ার পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইর. ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের প্রভাষক মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এদিকে বিশ্ববিদ্যালয় দিবসের অংশ হিসেবে একই দিন চুয়েটের বাস্কেটবল গ্রাউন্ডে ‘চুয়েট ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ। উদ্বোধন শেষে তিনি ফেস্টের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসাইন, সহকারী পরিচালক মো. মাসুম রানা প্রামাণিক এবং প্রিয়ন্তি পাল টুম্পাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।