চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা পুলিশের অভিযানে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ জাল নোট চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফটিকছড়ির দক্ষিণকুল এলাকার মো. পারভেজ (২৯) এবং আনোয়ারা উপজেলার খুরুস্কুল এলাকার মো. আলমগীর হোসেন (৩১)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১৩ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।

চকবাজার থানার এসআই মো. গিয়াস উদ্দিন, এসআই সাইফ উদ্দিন মো. শাওন, এএসআই হুমায়ুন কবির, এএসআই চন্দন কুমার মজুমদার, এএসআই রাজিব হোসেন ও এএসআই মহিউদ্দিন সুমনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জাল নোটের উৎস শনাক্ত এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।