জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
তিনি বলেছেন, নজরুল ছিলেন অন্যায়, অত্যাচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কবি। তাঁর লেখনীতে নিপীড়িত মানুষের অধিকার, সাম্য, মানবতা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। নজরুল শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন মানুষের মুক্তির কবি।
রোববার (৩০ আগস্ট) বিকেলে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের হাজিগাঁও বরুমচড়া স্কুল অ্যান্ড কলেজে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, বর্তমান সময়ে সমাজে অসহিষ্ণুতা, বৈষম্য ও মূল্যবোধের অবক্ষয় রোধে নজরুলের মানবতাবাদী দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। তরুণ প্রজন্ম নজরুলের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিলে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস অর্জন করবে এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা-যোগ্যতা কাজে লাগাতে পারবে।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালো ফলাফল গুরুত্বপূর্ণ হলেও শুধু ফলাফলই সফলতার মাপকাঠি নয়। দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। তোমরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই জ্ঞানার্জনের পাশাপাশি নিজেদের সৎ, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জহুরুল আলম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী, বিএনপি নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দ।