জিইসির আল-হেলাল হোটেলে মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের জিইসি এলাকার আল-হেলাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণসহ নানা অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, হোটেলের রান্নাঘরজুড়ে তেলাপোকার বিচরণ, স্টোররুমে বিড়ালের চলাচল, খোলা ডাস্টবিন, একই ফ্রিজারে রান্না করা ও কাঁচা মাংস একসঙ্গে সংরক্ষণ, স্যাঁতসেঁতে ও ভাঙা মেঝে, মেয়াদোত্তীর্ণ ঘি সংরক্ষণ এবং পোড়াতেল ব্যবহার করে খাবার তৈরি করা হচ্ছে।

এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।