শিল্প-কারখানায় শ্রম অসন্তোষের অন্যতম কারণ হিসেবে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে বিলম্বকে গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ে শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম। একই সঙ্গে শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের উদ্যোগে নগরীর বিজিএমইএ ভবনের কনফারেন্স রুমে শিল্প-কারখানায় সাম্প্রতিক শ্রম অসন্তোষ নিরসনে আয়োজিত জরুরি মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, শিল্প-কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য পাওনা নির্ধারিত সময়ে পরিশোধের বিষয়ে মালিকপক্ষকে গুরুত্ব দিতে হবে। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি ও কর্মপরিবেশ অস্থিতিশীল হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
তিনি শিল্পাঞ্চলে যেকোনো ধরনের সমস্যা দেখা দিলে তা নিয়ে দ্রুত সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা করে সমাধানের আহ্বান জানান। পাশাপাশি শ্রম অসন্তোষ নিরসন ও শিল্প-কারখানায় স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় শিল্প-কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন এবং সাম্প্রতিক শ্রম অসন্তোষের কারণ চিহ্নিত করে তা নিরসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় বিজিএমইএর সহসভাপতি মো. রফিক চৌধুরী, বিকেএমইএ, বেপজা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর এবং অন্যান্য সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট শিল্প-কারখানার মালিক ও শ্রমিক নেতৃবৃন্দও মতবিনিময় সভায় অংশ নেন।