হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পেতে বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়েছে র্যাব-৭, চট্টগ্রাম। আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে হারানো সরকারি অস্ত্র বা গোলাবারুদ সম্পর্কে সঠিক তথ্য দিলে তথ্যদাতার বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের চান্দগাঁওয়ে র্যাব-৭-এর মিডিয়া সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় তথ্য প্রদানকারীর বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। তবে সময়সীমা শেষ হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সঠিক তথ্যের জন্য অস্ত্রের ধরন অনুযায়ী পুরস্কারের পরিমাণও নির্ধারণ করেছে র্যাব। রাইফেল, এসএমজি, এলএমজি ও স্নাইপারের তথ্য দিলে ২ লাখ টাকা, শটগান, পিস্তল ও গ্যাসগানের তথ্য দিলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা এবং সব ধরনের গোলাবারুদের ক্ষেত্রে প্রতি রাউন্ড ৫০ টাকা পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে।
র্যাব-৭ জানিয়েছে, অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত তথ্য হটলাইন নম্বরের পাশাপাশি WhatsApp, imo, Telegram ও Viber-এর মাধ্যমে দেওয়া যাবে। তথ্যদাতাদের নিরাপত্তা ও পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জনসাধারণকে হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পেলে তা গোপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।