নেপালে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্পপ্রবণ দেশ নেপালে রোববার (২২ অক্টোবর) সকালে আঘাত হেনেছে শক্তিশালী মাত্রার ভূমিকম্প । তবে এই আঘাতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা এখনো জানা যায়নি ।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন থেকে জানা গেছে, নেপালের ন্যাশনাল আর্থকুয়াক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার জানিয়েছে (২২ অক্টোবর ) রোববার সকালে রিখটার স্কেলে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প নেপালের রাজধানী শহর কাঠমান্ডুতে আঘাত হানে । এই ভূমিকম্পটি সকাল ৭ টা ৩৯ মিনিটে রেকর্ড করা হয় এবং কাঠমান্ডু ছাড়াও এই কম্পন অনুভূত হয় বাগমতি এবং গন্ডাকি প্রদেশের অন্যান্য জেলাতেও ।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ এপ্রিল রিখটার স্কেলে ৭.৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে রাজধানী কাঠমান্ডু এবং পোখারা শহরের মধ্যবর্তী স্থানে । এতে দেশটিতে নিহত হয়েছিল অন্তত ৮ হাজার ৯৬৪ জন এবং প্রায় ২২ হাজারের কাছাকাছি মানুষ আহত হন।‘গোর্খা’ নামে সেই ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছিল উত্তর ভারতের বেশ কয়েকটি শহরও । এছাড়াও কম্পন অনুভূত হয়েছিল পাকিস্তানের লাহোরে, তিব্বতের লাসা এবং বাংলাদেশের ঢাকাতেও। ভূমিকম্পটির পর কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হযয়েছিল।

এছাড়া ওই ভূমিকম্পে মাউন্ট এভারেস্টে তুষারপাতের ঘটনাতে ২২ জনের মৃত্যু হয়। পরে একই বছরের ১২ মে বড় ধরনের আফটারশক অনুভূত হয়। এই আফটারশকের কেন্দ্রস্থল ছিল কাঠমান্ডু এবং মাউন্ট এভারেস্টের মধ্যবর্তী চীন সীমান্তের কাছের অঞ্চল। এতে মারা যান ২০০ জনেরও বেশি মানুষ এবং আহত হন ২ হাজার ৫০০ জনেরও বেশি।