ডলি জহুর-সজল-লিজাদের হাত থেকে ‘শিক্ষাগুরু সম্মাননা’ পেলেন চার গুণীজন

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২৬’। অনুষ্ঠানে দেশের তিনজন শিক্ষক ও একজন সংগীত প্রশিক্ষকের হাতে সম্মাননা তুলে দেন অভিনয় ও সংগীত অঙ্গনের জনপ্রিয় তারকারা।

গত ১৭ জুলাই রাজধানীর অল কমিউনিটি ক্লাবের নভোএয়ার কনফারেন্স হলে ‘ঢাকার বুকে মধ্যনগর’ শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়। ‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবার ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২৬’ পেয়েছেন মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম নূর, সিলেটের রেবতী রমন সরকারি দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বনাথ তালুকদার নেপুল, নেত্রকোনার দিগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাবেরী সরকার বেবী এবং নেত্রকোনা অঞ্চলের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত প্রশিক্ষক রতন সরকার।

অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ ও বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। উত্তরীয় পরিয়ে দেন অভিনেতা আব্দুন নূর সজল, সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা এবং অভিনেতা রেহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপক রুহানী সালসাবিল।

সম্মাননা প্রদান শেষে ড. প্রিয়াংকা গোপ বলেন, শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দিতে পেরে একজন শিক্ষক হিসেবে ভীষণ ভালো লাগছে। আমাদের জীবনে শিক্ষকদের অবদান অপরিসীম। তাঁদের সম্মানিত করার এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার।

ডলি জহুর বলেন, শিক্ষকদের সম্মান জানাতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।

অভিনেতা সজল বলেন, নিজে উপস্থিত থেকে শিক্ষকদের সম্মানিত করতে পারব, কখনও ভাবিনি। এটি আমার জন্যও গর্বের।

সানিয়া সুলতানা লিজা বলেন, অভি ভাই সব সময়ই ব্যতিক্রমী ভাবনা নিয়ে কাজ করেন। এমন আয়োজনের অংশ হতে পেরে ভালো লেগেছে।

সম্মাননা পাওয়ার পর চার গুণীজন এটিকে তাদের জীবনের অন্যতম বড় স্বীকৃতি বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিটি ব্যাংক, জেড অ্যান্ড জেড অ্যাসোসিয়েটস এবং সিলেটের উন্দাল রেস্টুরেন্ট। বিশেষ সহযোগিতায় ছিল ফ্যাশন হাউস লুকস, গয়না বাকসো ও রয়্যাল ক্যাফে। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন রতন সরকার, স্বর্ণা, তানজিন মিথিলা, জয়-রাইসা, অপু আমান ও টুশি।