চকবাজারে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ ৯ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়াসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
র‌্যাব-৭ জানায়, গত ১১ জুলাই ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’-এর স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ডেভিড-ইমন পরিচয়ধারী এক ব্যক্তি এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল চকবাজারে প্রতিষ্ঠানটির অফিসে হামলা চালায়।
হামলাকারীরা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। পাশাপাশি কর্মচারীদের বেতন বাবদ অফিসে থাকা প্রায় ৩৫ লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়। আলোচিত এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।
ঘটনার পর ডিডিএনের ম্যানেজার বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তের অংশ হিসেবে র‌্যাব-৭ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে গত ১৮ জুলাই চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়া ওরফে মাইকেল (৩১)-সহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধার করা অস্ত্র জব্দ করা হয়েছে।