নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং এর ১০টি উপকমিটির সদস্যদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের আবাসন খাতের উন্নয়নে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল ৩টায় তিনি চট্টগ্রাম রিজিওনাল কমিটির সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে রিজিওনাল কমিটি ও বিভিন্ন উপকমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ড. আলী আফজাল বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো বাসস্থান। সেই চাহিদা পূরণে রিহ্যাবের সদস্যরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। আবাসন খাতকে আরও এগিয়ে নিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি করপোরেশন, ওয়াসা, পিডিবি, প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্যে চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সূচনা বক্তব্য দেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর। সমাপনী বক্তব্যে ধন্যবাদ জানান পরিচালক ও কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী।
সভায় চট্টগ্রাম রিজিওনের কার্যক্রম আরও সুষ্ঠু ও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত ১০টি উপকমিটির দায়িত্ব ও কার্যপরিধি উপস্থাপন করেন সারিস্ত বিনতে নুর এবং এ এস এম আবদুল গাফফার মিয়াজী। এ সময় রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল চট্টগ্রাম রিজিওনের উপদেষ্টা, বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম ও আশীষ রায় চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ড. হারুন অর রশিদ।
এছাড়া উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দীন, হৃষিকেশ চৌধুরী, নুর মোহাম্মদ, রিহ্যাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির সাবেক চেয়ারম্যান আব্দুল কৈয়ূম চৌধুরী, হাজী দেলোয়ার হোসেনসহ উপদেষ্টা, বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সদস্যরা।