চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৩০ বছর। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘সীতাকুণ্ডের ছোট কুমিরায় নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে ৭ জন আহত হন। স্থানীয় লোকজন ও কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত ৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহত সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।