চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মারপিট, মামলা দায়ের, আটক ৪

যশোরের অভয়নগরে চাঁদার দাবিতে বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট ও মারপিটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) নওয়াপাড়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আল মহিউদ্দিন বাপ্পি বাদী হয়ে ১৬ জনের নামসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। ইতোমধ্যে এজাহারনামীয় ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- উপজেলার বুইকারা গ্রামের রেলবস্তি এলাকার আফজাল হোসেনের ছেলে মানিক ওরফে কালো মানিক (৩৪), একই গ্রামের ড্রাইভারপাড়ার মহাসীন মোল্যার ছেলে মেহেদী হাসান সাজু (৩২), বৌবাজার এলাকার বাবুল শেখের ছেলে হোসেন শেখ (২৬) ও আকুঞ্জিপাড়ার মৃত হিরু মোল্যার ছেলে রাকিব মোল্যা (১৬)।
মামলা এজাহার সূত্রে জানা যায়, ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে শনিবার (১৮ জুলাই) বিকালে চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি রুহুল আমিনের নেতৃত্বে আটক ৪ জনসহ মাদক কারবারি মানু, ইউসুফ, মিলন, সুমন, রাসেল, রাজিব, আলামিন, মনির হোসেন, বিল্লাল মল্লিক, রাজিব (৩০) ও জামাল মোল্যাসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন দেশীয় অস্ত্রসহকারে নওয়াপাড়া স্টেশনবাজার এলাকায় আল মহিউদ্দিন বাপ্পির ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তারা ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর ও নগদ ৮০ হাজার টাকা চুরি করে। এক পর্যায়ে নওয়াপাড়া পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান আতা, যুবদল নেতা সাইফুল ইসলাম, মাহবুর, রাজু ও রনি প্রতিবাদ করলে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।
এজাহারে আরো উল্লেখ রয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করায় প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে।
এর আগে শনিবার (১৮ জুলাই) বিকালে বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট এবং মারপিটের প্রতিবাদে ও হামলাকারী মাদক করাবারিদের আটকের দাবিতে নওয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও সহযোগি সংগঠন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘আল মহিউদ্দিন বাপ্পি বাদী হয়ে ১৬ জনের নামসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে এজাহারনামীয় ৪ জনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’