শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকায় সড়ক আটকে বিক্ষোভ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব ও উত্তরায় বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেন।

সায়েন্সল্যাব এলাকায় বেলা ১১টা থেকেই জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। ১২টার দিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিতে শুরু করেন নানা স্লোগান।

নিউমার্কেট থানার কর্তব্যরত এক কর্মকর্তা বলেছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের অফিসার ফোর্স সবাই ঘটনাস্থলে রয়েছেন।’

উত্তরায় বিএনএস সেন্টারের সামনের সড়কে বিক্ষোভ করছে ছাত্র-ছাত্রীরা। দুপুর ১২টার দিকে তারা রাস্তায় নেমে আসলে বন্ধ হয়ে যায় যানচলাচল।

উত্তরা পূর্ব থানা পুলিশ জানায়, ছাত্রদের বুঝিয়ে রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধে করা হচ্ছে। ঘটনাস্থলে আছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় পরীক্ষার্থীদের- ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’; ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ স্লোগান দিতে শোনা যায়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা চালিয়ে নেওয়া এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করা হয়েছে বলে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলে শিক্ষার্থীরা।