চট্টগ্রামে গত শনিবার দিনের কিছু সময় বিরতির পর আবারও শুরু হয়েছে ভারী বৃষ্টি| এই বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে| ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নগরের বাসিন্দারা| এ পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও শ্রেণি কার্যক্রম স্থগিত করা হয়েছে|
রবিবার (১২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ১২ ঘণ্টায় চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে| আর গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৩৬ দশমিক ৮ মিলিমিটার| রবিবার সকাল ১০টার দিকে দেখা যায়, নগরের পাঠানটুলী, ইস্পাহানি সি গেট, চকবাজার, বাকলিয়া, রাহাত্তারপুল, কাতালগঞ্জ এলাকায় সড়কে হাঁটুপানি জমে গেছে| পানির উপর যানবাহন চলাচল করছে| সিনএজি চালিত যানবাহনগুলো কোথাও কোথাও যন্ত্রাংশে পানি ঢুকে অচল হয়ে সড়কের মাঝখানে থেমে যাচ্ছে| এ কারণে অনেক এলাকায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংকট দেখা দিচ্ছে| ভুক্তভোগীরা বলেন, পানির অযুহাতে যানবাহন মিললেও চালকেরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন|
গত শনিবার চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ১৫টি উপজেলা ও মহানগরে ৬ লাখ ৬২ হাজার মানুষ পানিবন্দি হয়ে রয়েছে| আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে| এতে জলাবদ্ধতা এবং পাহাড়ি ভূমিধসের ঝুঁকি রয়েছে|