মীরসরাইয়ে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাইয়ে যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার মিঠারখিল এলাকার বাসিন্দা মো. সেলিম (৪৩) পেশায় একজন প্রাইভেটকার চালক। তিনি চট্ট-মেট্রো-গ-১৩-০৪৪০ নম্বরের একটি প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

রোববার (২৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে চট্টগ্রাম নগরের অলংকার মাইক্রোস্ট্যান্ড থেকে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি তার গাড়ি ভাড়া করে মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায় যান। বিকেল সাড়ে ৪টার দিকে ইকোনমিক জোন সড়কের সিপির মোড় সংলগ্ন আনসার চেকপোস্টের পূর্ব পাশে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা চালকের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে, মারধর করে তাকে গাড়ি থেকে ফেলে দেয় এবং প্রাইভেটকারটি ছিনতাই করে পালানোর চেষ্টা করে।

খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকেই ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার এবং সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন শেখ মোহাম্মদ আল ইয়াছা (৩০) ও জোবেদা খানম চৌধুরী (৪৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি থ্রেড কাটার, একটি ইনজেকশনের সিরিঞ্জ, একটি ভায়ালে সংরক্ষিত অ্যানেসথেশিয়া-জাতীয় সাদা তরল, একটি বোতলে নেশাজাতীয় তরল পদার্থ এবং একটি গামছা উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীবেশে প্রাইভেটকার ভাড়া করে নির্জন স্থানে নিয়ে চালকদের ওপর হামলা চালিয়ে গাড়ি ছিনতাই করত। পরে ছিনতাই করা গাড়ি চোরাই গাড়ির সিন্ডিকেটের কাছে বিক্রি করে আর্থিক সুবিধা নিত।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শেখ মোহাম্মদ আল ইয়াছা এবং পলাতক আসামি শেখ মো. জাহাঙ্গীর আপন ভাই। গ্রেপ্তার জোবেদা খানম চৌধুরী পলাতক জাহাঙ্গীরের স্ত্রী।

এ ঘটনায় মীরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি ও চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।