চার যুগের বেশি সময়ে কোনো উন্নয়ন হয়নি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ‘চাক্কাবিল’ এলাকার দেড় কিলোমিটার দীর্ঘ এক কাঁচা সড়কে। সড়কটির বেহাল দশায় মানিকছড়ি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধর্মঘর থেকে চাক্কাবিল পর্যন্ত তিনটি গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ যুগ যুগ ধরে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন।
বর্ষাকালে যাতায়াতে সড়কটিতে হাঁটুসমান কাদায় চরম দুর্ভোগে পড়তে হয়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে, সড়কের অব্যবস্থাপনায় স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে প্রায় এক কিলোমিটার পথ কাঁধে বহন করতে হচ্ছে। এছাড়া মুমূর্ষু রোগী ও প্রসূতিদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের এই দুর্ভোগ অবসান করতে সড়কটি দ্রæত সংস্কার বা অন্তত ইটের সলিং করা হোক।
মানিকছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজী মাসুদুর রহমান জানান, উপজেলার বেশ কিছু গ্রামীণ সড়ক ও কালভার্টের উন্নয়নকাজ চলমান রয়েছে। নীতিগত ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে এই সড়কটিতে দ্রæত ইটের সলিং করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।