আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই

চট্টগ্রামে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে সন্ত্রাসীর ছুরিকাঘাতে ডবলমুরিং থানার এক উপপরিদর্শক (এসআই) মোবিনুল ইসলাম (৩৬) গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাত ৮টায় ১৭ মামলার আসামি মাদক ব্যবসায়ী আলমগীরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ডবলমুরিং থানা পুলিশের একটি দল খুলশী থানার আমবাগান এলাকায় অভিযান চালায়। এসময় দুষ্কৃতিকারীরা পুলিশ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালালে এসআই মোবিনুল ও আরেক পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।
এসআই মহসিন জানান, আহত এসআই মোবিনুল ইসলামকে রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।