কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদ অভিযানের সময় বনকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)।
সোমবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আইনানুগ উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া বনকর্মীদের ওপর হামলায় পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, বাগান মালি মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) সদস্য মিজানুর রহমান গুরুতর আহত হয়েছেন।
বিএফএ জানায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সংগঠনের পক্ষ থেকে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বনভূমি সংরক্ষণ ও বন আইন বাস্তবায়নের দায়িত্ব পালনকালে সরকারি দায়িত্বে নিয়োজিত বনকর্মীদের ওপর এ ধরনের হামলা রাষ্ট্রের আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং দায়িত্ব পালনরত বনকর্মীদের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।