বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারস, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারস, চট্টগ্রাম।

রবিবার (২৬ জুলাই) উপজেলার পশ্চিম সাধনপুর দীঘির পাড়া এলাকায় (মেজর শরীফের বাড়ির উঠোনে) অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে শতাধিক বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারসের প্রেসিডেন্ট ডা. সেলিনা হক এবং ডা. রিয়াহুল জান্নাত, ডা. মুজতাহিদ জামান (ইরাম), ডা. পূজা পাল, ডা. তানিয়া সুলতানা, ডা. রোয়েনা নাঈম, ডা. জাহিদ হাসান, ডা. তামান্না আক্তার ও ডা. দীপ্ত দাস তীর্থ।

ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্য ফারহানা মোস্তফা লিজার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল, মাস্টার সাইফুর রহমান, মো. হুমায়ুন কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরাও চিকিৎসা কার্যক্রমে অংশ নেন।

আয়োজকরা জানান, বন্যা-পরবর্তী সময়ে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। এসব ঝুঁকি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।