টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের জাবরাজান গ্রামের আফজাল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক শিশির (৩০), ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে পথচারী আন্তাজ আলী মন্ডল (৬৫)। গুরুতর আহত যুবকের নাম ইয়ামিন (২২)। ইয়ামিন অলোয়া ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের চিতুলিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুই যুবক মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতু থেকে গোবিন্দাসীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চিতুলীয়াপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আনতাজ আলীর সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশের গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শুভ নিহত হন। মোটরসাইকেল আরোহী ও পথচারীকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথচারী আনতাজ আলীর মৃত্যু হয়। অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বঙ্গবন্ধু পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশ বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।