গাজীপুরের শ্রীপুরে সংবাদ সম্মেলন করে নিজের জমি দখল ও প্রতারণা করে টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে আইনগত প্রতিকার চেয়েছেন মো. কবির হোসাইন (৪৩)। লিখিত বক্তব্যে কবির হোসাইন অভিযোগ করেন, উপজেলার বরমী ইউনিয়নের বরমা এলাকার বাসিন্দা এবং তার বড় ভাই রমিজ উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি, জমি আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে।
তিনি জানান, অসুস্থ অবস্থায় ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজের নামে নিবন্ধিত জমি বন্ধক রেখে ঋণ পরিশোধ করেন। পরবর্তীতে তার অসুস্থতার সুযোগ নিয়ে অভিযুক্ত বড় ভাই রমিজ উদ্দিন জালিয়াতির মাধ্যমে জমি নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করেন এবং ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ উত্তোলনের মাধ্যমে প্রায় ৩ কোটি টাকার সম্পদ আত্মসাতের চেষ্টা করেন বলে অভিযোগ করেন।লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১৩ আগস্ট সকালে তিনি নিজের জমিতে গিয়ে অন্যায় কাজের প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং পুনরায় জমিতে গেলে হত্যার হুমকি দেন।
তিনি দাবি করেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো কার্যকর সমাধান না হওয়ায় বাধ্য হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।সংবাদ সম্মেলনে মো. কবির হোসাইন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।