বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গত সোমবার (২৪ আগস্ট) বঙ্গোপসাগরে টহলকালে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা মৎস্য বোট ‘এফবি আল আমিন’ ও এর ১৬ জন জেলেকে উদ্ধার করেছে।

নৌবাহিনী সূত্র জানায়, গত রোববার (২৩ আগস্ট) রাতে টহলকালে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসমান থাকার তথ্য পায় বানৌজা কপোতাক্ষ। এ তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর জাহাজটি রাতেই উদ্ধার কার্যক্রম শুরু করে। পরদিন সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও মৎস্য বোটটির অবস্থান শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৬ জন জেলেসহ ইঞ্জিন বিকল ‘এফবি আল আমিন’-কে উদ্ধার করা হয়।

এ সময় নৌবাহিনীর সদস্যরা উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

উদ্ধারকৃত জেলেদের কাছ থেকে জানা যায়, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে ১৬ জন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ‘এফবি আল আমিন’ নিয়ে সমুদ্রে যান। সমুদ্রে যাওয়ার দুই দিন পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর তারা টানা তিন দিন সমুদ্রে ভাসমান অবস্থায় ছিলেন।

পরবর্তীতে সাগরের উত্তাল ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নৌবাহিনী জাহাজটি মৎস্য বোটটিকে টেনে (টোয়িং) সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্টে নিরাপদে নিয়ে আসে। পরে বোটসহ জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দেওয়া নৌবাহিনীর দায়িত্বশীলতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।