সিরাজগঞ্জে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদের দুদিনের বার্ষিক পরিদর্শন সম্পন্ন

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ দুই দিনের সরকারি সফরে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও এর বিভিন্ন ইউনিট বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন। সফরকালে তিনি জেলা পুলিশের প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি কমিউনিটি পুলিশিং সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক প্যারেড এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। ডিআইজি সিরাজগঞ্জে পৌঁছালে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

সফরের প্রথম দিনে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডিআইজি মো. আশিক সাঈদ। সভায় তিনি মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং এবং উগ্রবাদ প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও যোগাযোগ আরও জোরদার করতে হবে।

একই দিন সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। পুলিশ সদস্যদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি ও পুলিশ সদস্যদের মাঝে আনন্দঘন পরিবেশ তৈরি করে, যা বাহিনীর অভ্যন্তরীণ সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

সফরের দ্বিতীয় দিনে পুলিশ লাইন্স মাঠে জাঁকজমকপূর্ণ বার্ষিক পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়। ডিআইজি প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। তিনি প্যারেডের শৃঙ্খলা, প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। প্যারেড শেষে তিনি পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন পেশাগত সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। সবশেষে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং ডিএসবি অফিস ও রিজার্ভ অফিসের প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। মতবিনিময় ও কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় জেলা পুলিশ ও রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।