টাঙ্গাইলের মধুপুরে গত ২২ আগস্ট মধুপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কতিপয় ব্যক্তির করা ‘ভিত্তিহীন, মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর’ বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মধুপুর প্রেসক্লাবে নির্যাতিত পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ফজলুর রশিদ খান চুন্নু। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। গত ২২ আগস্টের সংবাদ সম্মেলনে তাদের সম্পর্কে যে সব তথ্য উপস্থাপন করা হয়েছে, সেগুলো সত্য নয় বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের মাধ্যমে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। তারা এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমের সামনে ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরেন। একই সঙ্গে বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তারা। এ সময় এনায়েত আলী খান, মো. ইব্রাহীম খান, মনির খান, আলম, মনু, মো. রুবেল খান, মাজেদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।