যশোরের শার্শায় পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যার পর কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দুই শিশু হলো,সাবির হোসেন (৫) ও জাবির হোসেন (৩)। তাদের বাবা কামাল হোসেন পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে কামাল দুই সন্তানকে হত্যা করেন। পরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে বাড়ির পাশের একটি আমবাগানে গিয়ে তার মৃত্যু হয়।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে কামালের স্ত্রী রাবিয়া বেগম নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই পারিবারিক বিরোধ চলছিল বলে জানা গেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ ও মানসিক চাপের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।