চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪১০ বস্তা ইউরিয়া সারসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড। তবে অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত একটার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ঘাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ১৪ লাখ ৩৫ হাজার টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সারগুলো নেওয়া হচ্ছিল। পাচারে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা সার ও বোটের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।