এক দশক পর মিশর সফরে গেলেন জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার মিশরে পৌঁছেছেন। এক দশকের মধ্যে আরব বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশটিতে এটিই তার প্রথম সফর।
রাজধানী কায়রোতে কয়েক দিন ধরেই প্রস্তুতি চলছিল। যান চলাচলের পথ পরিবর্তন করা হয়েছে এবং মধ্যযুগীয় সালাহউদ্দিন দুর্গের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের দিকে যাওয়া প্রধান সড়কগুলো চীন ও মিশরের পতাকা দিয়ে সাজানো হয়েছে।
মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম বেইজিংয়ের সঙ্গে কায়রোর ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক এবং ৭০ বছর আগে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম আরব ও আফ্রিকান দেশ হিসেবে মিশরের ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরামে প্রকাশিত এক মতামত নিবন্ধে লিখেছেন, আন্তর্জাতিক ব্যবস্থায় গ্লোবাল সাউথের ভূমিকা শক্তিশালী করতে একসঙ্গে অবদান রাখা অংশীদারে পরিণত হয়েছে মিশর ও চীন।
এ বছর শি’র দ্বিতীয় বিদেশ সফরের দ্বিতীয় ধাপ হলো এই সফর। এর আগে তিনি কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার একটি সম্মেলনে অংশ নেন, যেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্যদের সঙ্গে কথা বলেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় প্রকাশিত এক মন্তব্যে শি বলেন, সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতার মুখোমুখি হয়ে দুই দেশ ‘একে অপরের পাশে থাকা ঘনিষ্ঠ ভাই’ এবং তিনি আরও গভীর অংশীদারত্বের সম্ভাবনা অনুসন্ধানের অপেক্ষায় রয়েছেন।