সিরাজগঞ্জে টেস্টি ট্রিট ও লাইভ বেকারি সহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ জেলা শহরের এসএস রোডে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কেক উৎপাদন, পণ্যে যথাযথ লেবেল ব্যবহার না করা এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামঠিকানা না থাকার অপরাধে নামী ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ ও ‘লাইভ বেকারি’সহ তিন প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার এসএস রোড এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা গেছে, ব্রেড ও কেকে যথাযথ লেবেল ব্যবহার না করা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা না থাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কেক উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে ‘টেস্টি ট্রিট’ শোরুমের ম্যানেজার মো. শিবলী সাদিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মেসার্স যুগলকৃষ্ণ ভান্ডারের মালিক সরুপ সাহাকে ৮ হাজার টাকা এবং সিরাজগঞ্জ লাইভ বেকারির মালিক মো. শান্ত শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ৩টি প্রতিষ্ঠান থেকে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, জরিমানার পাশাপাশি আজ শহরের কাঠেরপুল, চৌরাস্তা ও বড় বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাটালিয়ন আনসার-এর একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।