কোতোয়ালীতে র‍্যাবের অভিযান: ১১৮ বোতল বিদেশি মদসহ যুবক আটক

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার মমিন রোড এলাকায় অভিযান চালিয়ে ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ মো. আরিফুল ইসলাম ভূঞা (২১) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ আগস্ট সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করেন। এ সময় র‍্যাব সদস্যরা চালক আরিফুল ইসলাম ভূঞাকে আটক করেন। গাড়িতে থাকা অপর একজন কৌশলে পালিয়ে যায়।

পরে প্রাইভেটকারের ভেতর ও পেছনে থাকা আটটি বাদামি রঙের তেলের কার্টনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের স্টিকারযুক্ত ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, আটক আরিফুল ও পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিলেন।

আটক ব্যক্তি, পলাতক সহযোগী ও উদ্ধারকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।