কয়েকশ কোটি দামের মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সোমবার (৩১ আগস্ট) দাবি করেছে, তারা হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এর ফলে সেটি উপসাগরের পানিতে বিধ্বস্ত হয়েছে।
ইরানের মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, আইআরজিসির আধুনিক আকাশ প্রতিরক্ষার সদা-সতর্ক যোদ্ধারা সোমবার ভোরে ক্ষেপণাস্ত্র ছুড়ে দীর্ঘপাল্লার মার্কিন এমকিউ-৯ রিপার (প্রতিটির দাম ৩০০-৬০০ কোটি টাকার বেশি) ড্রোনটিকে আঘাত করে। এতে ড্রোনটি উপসাগরে পড়ে যায়।
বিবৃতিতে ইরানি জনগণের অব্যাহত মাঠে উপস্থিত থাকার প্রশংসা করা হয় এবং এটিকে দেশের যোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সমর্থন হিসেবে উল্লেখ করা হয়।
রোববার মার্কিন বাহিনী লারাক দ্বীপে ইরানের দুটি লঞ্চারে হামলা চালায়। মার্কিন এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, জুলাইয়ের শেষের পর ইরানের ভূখণ্ডে এটিই ছিল প্রথম মার্কিন হামলা।
ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাটি ড্রোনের মাধ্যমে চালানো হয়েছিল।
মার্কিন এই অভিযানে এমন কিছু ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়, যেগুলো হরমুজ প্রণালিতে সমুদ্র-মাইন বহনকারী রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
আইআরজিসি জানিয়েছে, ওই হামলায় বেশ কয়েকজন যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন এবং তারা এর জবাব দেয়ার অঙ্গীকার করেছে।