চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৪৪৫ পিস ইয়াবা, রকেট সিগন্যাল, রকেট প্যারাসুট ফ্লেয়ার, রাবার বুলেট, তাজা কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সন্দ্বীপ থানার আকবর হাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ, আউটপোস্ট সারিকাইত ও পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪৫ পিস ইয়াবা, একটি রকেট সিগন্যাল, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, এক রাউন্ড রাবার বুলেট, এক রাউন্ড তাজা কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক ব্যক্তি ও উদ্ধার করা আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।