চট্টগ্রামের পটিয়া উপজেলার কইশ্যাপাড়া গ্রামের কৃতী সন্তান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রফেসর ড. এনামুল হোসেন প্রবাস জীবন শেষে নিজ বাড়িতে আসায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা দিয়েছে হযরত এরশাদ উল্লাহ শাহ (রহ.) স্মৃতি ফাউন্ডেশন।
সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ফাউন্ডেশনের আহ্বায়ক মো. সাইফুল আলম, সদস্য সচিব আবু মনসুর ও অর্থ সচিব শাওন হাসান সবুজসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১৭ নম্বর খরনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জয়নাল আবেদীন, ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবদুর রহিম, ব্যাংকার মো. আবদুল করিম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, মাস্টার বোরহান উদ্দিন, সোহেল, মো. কাইছারুল আমিন, মো. মনজুর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পটিয়ার মাটির সন্তান হিসেবে প্রফেসর ড. এনামুল হোসেন আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। তাঁর এই অর্জন এলাকার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রফেসর ড. এনামুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তিনি ফাউন্ডেশনের সদস্য ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।