চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘From Curiosity to Publication’ শীর্ষক গবেষণা কর্মশালা
চিকিৎসাবিজ্ঞানে গবেষণার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষক তৈরি করার লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘From Curiosity to Publication’ শীর্ষক দিনব্যাপী গবেষণা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চট্টগ্রাম জেলার বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের ৪৫ জন শিক্ষার্থী প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিফিক রিভিউ কমিটির সভাপতি অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম।
দিনব্যাপী কর্মশালার বিভিন্ন সেশনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. নুরুল হুদা ও ডা. মেরিনা আনজুমান। প্রধান ট্রেইনার হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন ডা. আয়েশা আহমেদ খান।
কর্মশালায় গবেষণার ধারণা তৈরি, গবেষণা পরিকল্পনা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ থেকে শুরু করে গবেষণার ফলাফল আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশ পর্যন্ত বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
বক্তারা বলেন, চিকিৎসাবিজ্ঞানের উন্নয়নে প্রাতিষ্ঠানিক গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের শুরু থেকেই গবেষণামুখী করে গড়ে তোলা জরুরি। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, কর্মশালাটি তাদের গবেষণার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি গবেষণার ধারণাকে বাস্তব গবেষণায় রূপ দেওয়া এবং তা প্রকাশনার পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দিয়েছে। একই সঙ্গে নিজ নিজ প্রতিষ্ঠানের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রম আরও সুসংগঠিত করতে এ প্রশিক্ষণ সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
কর্মশালার সমাপনী পর্বে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থী প্রতিনিধিদের হাতে সনদপত্র এবং প্রশিক্ষকদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।