বায়েজিদ বোস্তামী থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজারে গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে কক্সবাজার সদর থানার হোটেল-মোটেল জোন এলাকার বাগান বাড়ি রেস্তোরাঁর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-২২(১০)০৯-এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিয়াবুল হক কক্সবাজার সদর এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিয়াবুল হক চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরেফীন নগর এলাকার রহমত উল্ল্যাহর ছেলে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২ ধারায় মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।