চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় হাটহাজারী গোলচত্বর, ফটিকছড়ির বিবিরহাট বাসস্ট্যান্ড, রাঙ্গুনিয়া থানার রোয়াজারহাট এবং রাউজানের নোয়াপাড়া এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যানবাহনের চালক, পথচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও পথসভা করেন।
এ সময় সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পথসভায় চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিংয়ের সময় সতর্কতা অবলম্বন, নির্ধারিত লেন ও সড়ক সংকেত মেনে চলা এবং মোটরসাইকেল চালানোর সময় বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়।
এ ছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং ক্লান্ত, অসুস্থ বা শারীরিকভাবে অনুপযুক্ত অবস্থায় গাড়ি না চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয়।
পাশাপাশি পথচারীদের রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন, চালকদের যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির কার্যক্রমও অব্যাহত রয়েছে। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত, দুর্ঘটনা প্রতিরোধ এবং ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে আরও জোরদার করা হবে।